জাতিকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ইসি সব ধরনের পূর্ব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তাদের লক্ষ্য জাতিকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন চলাকালীন সময়ে রেফারির ভূমিকায় থাকবে ইসি।’
নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, ‘অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। প্রধান উপদেষ্টা লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের উপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন। আজকের শপথ হবে, নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার।’
সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।’
অতীতে ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।
◑ ফখ|চখ