chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ঘাটতি রয়েছে ৪০ হাজার কোরবানির পশু 

চট্টগ্রামে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশুর চাহিদা প্রায় ৯ লাখ। তবে স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি পশু। ফলে প্রায় ৩৬ হাজার পশুর ঘাটতি মেটাতে পার্শ্ববর্তী জেলা ও উত্তরাঞ্চলের খামারিদের ওপর নির্ভর করতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে পশু খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে কোরবানির পশুর দাম কিছুটা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন খামারিরা।

 

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ২৬৯টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি পশু। এসব পশুর মধ্যে গরু রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৮১৩টি। এর মধ্যে ষাঁড় ৩ লাখ ৬৫ হাজার ২৯টি, বলদ ১ লাখ ২১ হাজার ৬৭০টি, গাভি ৪৯ হাজার ১১৪টি। এছাড়া মহিষ রয়েছে ৬৪ হাজার ১৬৩টি, ছাগল ২ লাখ ৫ হাজার ১৭৪টি, ভেড়া ৫৫ হাজার ৬৯৭টি এবং অন্যান্য পশু রয়েছে ৩৫টি।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, “চাহিদার তুলনায় কিছুটা ঘাটতি থাকলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পার্শ্ববর্তী জেলা এবং উত্তরাঞ্চল থেকে পশু আমদানি করে চাহিদা পূরণ সম্ভব হবে। ইতোমধ্যে অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

উপজেলাভিত্তিক পশুর মজুদ 

চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে এ বছর সবচেয়ে বেশি পশু মজুদ রয়েছে সন্দ্বীপ উপজেলায়—প্রায় ৮৫ হাজার ২৫০টি। গত বছরও এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক পশু মজুদ ছিল (৭৬ হাজার ৬৩৮টি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে মীরসরাই, যেখানে কোরবানির পশু মজুদ রয়েছে ৫৮ হাজার ৭৮০টি এবং তৃতীয় অবস্থানে রয়েছে পটিয়া, যেখানে মজুদ আছে ৭০ হাজার ১৮০টি।

অন্য উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় পশুর মজুদ ৬৩ হাজার ৪২৮টি, ফটিকছড়িতে ৬৯ হাজার ৪১৯টি, বাঁশখালীতে ৫৯ হাজার ৪০৪টি, সীতাকুণ্ডে ৫৬ হাজার ৮৫০টি, রাঙ্গুনিয়ায় ৫০ হাজার এবং হাটহাজারীতে ৪৪ হাজার ৮৯০টি।

এছাড়া চন্দনাইশে মজুদ আছে ৪৭ হাজার ৪টি, সাতকানিয়ায় ৪৫ হাজার ৩৭১টি, লোহাগাড়ায় ৩৮ হাজার ৫৯টি, রাউজানে ৩৪ হাজার ৩০২টি, কর্ণফুলীতে ৩৩ হাজার ৫৩৩টি এবং বোয়ালখালীতে সর্বনিম্ন ২৯ হাজার ৭৪২টি পশু মজুদ রয়েছে।

পশুর খাদ্য দাম বৃদ্ধির প্রভাব 

খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। মিরসরাইয়ের খামারি জসিম বলেন, “গমের ভূষি আগে কিনতাম ২৫-৩০ টাকায়, এখন কিনতে হচ্ছে ৩৫-৪০ টাকায়। সয়াবিন খৈল ৪০-৪৫ টাকায় পাওয়া যেত, এখন সেটা ৭০ টাকারও বেশি।” তিনি আরও জানান, “খরচের তুলনায় পশুর দাম সেভাবে বাড়ছে না। ফলে লাভ তো দূরের কথা, খরচই উঠবে কিনা, সেই দুশ্চিন্তায় আছি।”

জসিম বলেন, “আমরা যারা ছোট খামারি, আমাদের টিকে থাকাটাই কঠিন হয়ে গেছে। সরকার যদি পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণ না করে, তাহলে অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হবে।”

চামড়া বাজারে অস্থিরতা ও প্রস্তুতি 
কোরবানির ঈদে পশু কোরবানির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কাঁচা চামড়ার বাজার। এ নিয়ে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সাবেক সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, “আমরা প্রতি বছর সরকারের কাছে ঋণ সহায়তার দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো ঋণ পাই না। ফলে আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চামড়া কিনতে হয়।”

তিনি আরও বলেন, “আমাদের সমিতির ১১২ জন সদস্যের অনেকেই লোকসানের কারণে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন। প্রাণিসম্পদ বিভাগ প্রতিবছর কোরবানির সংখ্যা বাড়বে বলে জানালেও বাস্তবে তা মিলিয়ে দেখতে পাই না।”

পশুর হাট ও স্বাস্থ্যবিধি প্রস্তুতি 
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন কোরবানির পশুর হাট বসাতে জোর প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে নির্ধারিত স্থানগুলোতে হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা রাখা, পশু চিকিৎসা সেবা, এবং ক্রেতা-বিক্রেতার নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঈদের আগেই সব হাটে প্রশাসনিক তদারকি নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম মহানগরীতে ১১টি অস্থায়ী পশুর হাট বসানো হবে বলে জানা গেছে, যার মধ্যে আছে: কর্নেলহাট, আতুরার ডিপো, পলিটেকনিক মোড়, আমবাগান, সাগরিকা, সিডিএ মার্কেট ও ইপিজেড এলাকার হাট। এছাড়া প্রতিটি হাটে ডিজিটাল ওজন স্কেল বসানো, ফিটনেস সার্টিফিকেট থাকা, এবং পশুদের রোগমুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

উপজেলাভিত্তিক পশুর মজুদ 
• আনোয়ারা: ৬৩,৪২৮টি
• ফটিকছড়ি: ৬৯,৪১৯টি
• বাঁশখালী: ৫৯,৪০৪টি
• সীতাকুণ্ড: ৫৬,৮৫০টি
• রাঙ্গুনিয়া: ৫০,০০০টি
• রাউজান: ৩৪,৩০২টি
• সাতকানিয়া: ৪৫,৩৭১টি
• হাটহাজারী: ৪৪,৮৯০টি
• চন্দনাইশ: ৪৭,০০৪টি
• কর্ণফুলী: ৩৩,৫৩৩টি
• লোহাগাড়া: ৩৮,০৫৯টি
• ডবলমুরিং: ৩৭,৫০০টি
• কোতোয়ালী: ৩০,৬৯৮টি
• পাঁচলাইশ: ৪১,৫৫৯টি
• বোয়ালখালীত: ২৯,৭৪২টি

ফথ|চখ

এই বিভাগের আরও খবর