chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ১৪ মে

আগামী ১৪ মে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহা-আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করা হবে।

সোমবার ১২ মে  চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজনে এসব জানানো হয়।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থিতপরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

তিনি বলেন, ১০টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট এবং ৫টি গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে ২৮,৫১৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন এবং ৯৯৬ জন শিক্ষক, ৪৪৫ জন কর্মকর্তা ও ১,৫২৮ জন কর্মচারী কর্মরত আছেন।

সমাবর্তনে মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে পিএইচ.ডি ৪২ জন, এম.ফিল. ৩৩ জন এবং বাকিরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। কলা ও মানববিদ্যায় ৪,৯৮৮ জন, বিজ্ঞান অনুষদে ২,৭৬৬ জন, বাণিজ্যে ৪,৫৯৩ জন, সমাজবিজ্ঞানে ৪,১৫৮ জন, জীববিজ্ঞানে ১,৬৮৫ জন, ইঞ্জিনিয়ারিংয়ে ৭৯৬ জন, আইনে ৭০৩ জন, শিক্ষা অনুষদে ৩১৭ জন, মেরিন সায়েন্সে ২৮৪ জন এবং চিকিৎসা অনুষদে ২,২৯৬ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেছেন।

প্যান্ডেল, সাজ-সজ্জা ও আসন ব্যবস্থা সম্পন্ন করতে ঢাকার খ্যাতনামা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানের জন্য প্রায় ২৫ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে।

অতিথি আপ্যায়নের জন্য চট্টগ্রামের এমব্রোসিয়া ও বার কোড ক্যাটারিং সার্ভিস তিনটি স্থানে রান্নার আয়োজন করেছে। অতিথিদের জন্য উন্নতমানের খাবার, ফলমূল ও গিফট আইটেম (ব্যাগ, স্মরণিকা, কলম, পিন, ওয়ালেট, কনভোকেশন টুপি) প্রস্তুত রাখা হয়েছে।

সমাবর্তন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অংশগ্রহণকারীদের কনভোকেশন কার্ড ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কেউ যেন দুশ্চিন্তা না করেন, এ বিষয়ে ফেসবুকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার অনুরোধ করা হয়েছে।

পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ১০০টি বড় বাস সকাল ৬টা থেকে ক্যাম্পাসে যাতায়াত করবে। এছাড়াও শাটল ট্রেনের বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১নং মূল গেট থেকে শুধুমাত্র নির্ধারিত বাস ও শাটল পরিবহন প্রবেশ করতে পারবে।

ডিগ্রি ও গাউন বিতরণ, খাবার বিতরণ, অতিথি আপ্যায়ন, প্রচার-প্রকাশনা, শৃঙ্খলা, নিরাপত্তা, বাজেটসহ ১৯টি উপ-কমিটির মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের সমাবর্তনের বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৬ কোটি টাকা সংগ্রহ হয়েছে।

সমাবর্তন উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে। অংশগ্রহণকারীদের কনভোকেশন কার্ড, আইডি, গাউন সংগ্রহ ও ফেরত, খাবার গ্রহণ, যানবাহন ব্যবস্থাপনা, ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞাসহ একাধিক দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর