বউকে ভাবী সাজিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাত !
চট্টগ্রামের পটিয়ায় নিজ স্ত্রীকে মুক্তিযোদ্ধা ভাইয়ের স্ত্রী সাজিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে।উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাহাবুব আলম ও তার স্ত্রী রাশু আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।
জানা যায়, কচুয়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবুল কালাম জীবিত অবস্থায় নিয়মিত সরকারি বেতন-ভাতা পেতেন। তিনি ২০২১ সালে অবিবাহিত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। মুক্তিযোদ্ধা আবুল কালাম মারা যাওয়ার পর তার ভাই মাহাবুব আলম নিজের স্ত্রীকে মুক্তিযোদ্ধা ভাইয়ের স্ত্রী সাজিয়ে জাল কাবিননামা তৈরী করে। মাহাবুব আলম নিজ স্ত্রী রাশু আক্তারের নামে ভুয়া জাতীয় পরিচয় সনদও তৈরী করে। যেখানে রাশু আক্তারকে মুক্তিযোদ্ধা আবুল কালামের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে। এরপর থেকে রাশু আক্তার মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে বেতন-ভাতা ও সরকারী সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।
মুক্তিযোদ্ধা আবুল কালামের জাতীয় পরিচয় সনদ (এনআইডি) বিশ্লেষণ করে দেখা যায়, তিনি অবিবাহিত ছিলেন। স্থানীয় বাসিন্দা আজিম বলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে ভাতা আত্মসাত সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তাসু/চখ
