chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের একাংশের সড়ক অবরোধ; কমিটি বাতিলের দাবি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন তিন (চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ) কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে নগরের লালখানবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী।

কমিটি বাতিল না হলে তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন অবরোধকারীরা।

এর আগে সড়ক অবরোধ করা এসব শিক্ষার্থী চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তারা গতকাল সোমবার দিবাগত রাতে ঘোষিত তিন কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধের আল্টিমেটাম দেন তারা।

আন্দোলনকারীদের দাবি ৫০ থেকে ১০০ জন নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটিতে সম্মুখযোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাঁদের বিরুদ্ধে নারী হেনস্তা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে, তাঁদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাঈম। চৌধুরী সিয়াম ইলাহি বলেন, তিন কমিটি আজ বেলা তিনটার মধ্যে বাতিল না হলে প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে বেলা ১ টা ১৫ মিনিটে বিক্ষোভ মিছিল নিয়ে জামালখান, আসকার দীঘির পাড় ও কাজীর দেউড়ি হয়ে টাইগারপাস মোড়ের দিকে যান শিক্ষার্থীরা। এরপর টাইগারপাস থেকে ২ নম্বর গেট হয়ে পুনরায় টাইগারপাসে ফিরে আসেন।

প্রসঙ্গত, গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহ্বায়ক ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে ৩১৫ সদস্যের মহানগর কমিটি দেওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৩২৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছির আরফিন চৌধুরীকে আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রইছ উদ্দিনকে সদস্যসচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি দেওয়া হয়েছে।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর