chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জানুয়ারিতে ৬৫৯ সড়ক দুর্ঘটনা : নিহত ৬৭৭ জন, আহত ১২৭১

জানুয়ারি মাসে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং ১২৭১ জন আহত হয়েছে। এর মধ্যে রেলপথে ৫৭ টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত, ২৩ জন আহত হয়েছে। নৌ-পথে ১৬ টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, ০৯ জন আহত এবং ০৫ জন নিখোঁজ হওয়ার খবর সংবাদপত্রে মিলেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের এক প্রতিবেদনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে ২৮৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩৯ জন।

এছাড়া ১৫৬ বাস দুর্ঘটনায় ১৫৯ মারা গেছেন এবং আহত হয়েছেন ৪৫২ জন। ১৬৩ ব্যাটারিচালিত-ইজিবাই-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন এবং ৩৩৬ জন আহত হয়েছেন।

গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ও সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।

নিহতদের মধ্যে ১৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩৮২ জন চালক, ২৩৮ জন পথচারী, ১৮৮ জন শ্রমিক, ১৫১ জন শিক্ষার্থী, ১৭ জন শিক্ষক, ১৭১ জন নারী, ২১ জন শিশু, ০৮ জন সাংবাদিক, ০৩ জন চিকিৎসক, ১২ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ৪১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এর মধ্যে সড়কে ০৪ জন পুলিশ সদস্য, ০১ জন আনসার সদস্য, ০২ জন বিজিবি সদস্য, ১২ জন বীর মুক্তিযোদ্ধা, ০২ জন সাংবাদিক, ১১৯ জন নারী, ১২ জন শিশু, ৮৬ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক, ৩১১ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ২৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ০৩ জন চিকিৎসক, ২১৯ জন পথচারী ও ১২ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছে।

উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর