‘চট্টলদরদী’ ইউসুফ চৌধুরী পাচ্ছেন একুশে পদক
চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ‘চট্টলদরদী’ মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী সমাজসেবায় রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একুশে পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মোহাম্মদ ইউসুফ চৌধুরী ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর রাউজানের ঢেউয়া হাজিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্র শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। ১৯৮৬ সালে তিনি দৈনিক পূর্বকোণ প্রকাশ করেন। ১৯৯২ সাল থেকে ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি। চট্টগ্রামে প্রথম গবাদি পশু মেলারও উদ্যোক্তা তিনি। ডেইরি শিল্পের বিকাশে চট্টগ্রামে প্রথম তাঁর নেতৃত্বে গরু নিয়ে মিছিল হয়।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগারও স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ধারাবাহিক সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
ইউসুফ চৌধুরী সবসময় চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন। কৃষি সংক্রান্ত বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।
চখ/ককন
