chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ২, দেড়হাজার ইয়াবা উদ্ধার

বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে ও পৃথক আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) ও মো. রমিজ (৩৫)। তারা যথাক্রমে ওই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যংয়ের মধ্যম হ্নীলা ও অপরজন একই এলাকার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র।

পুলিশ জানায়, রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধানসড়কের ফুটখালী ব্রিজের উপর অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একইদিন সকালে পৃথক আরেকটি অভিযানে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের অলিশাহ মাজারের সামনে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ কে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘পৃথক দু’টি অভিযান পরিচালনা করে থানা পুলিশের বিশেষ টিম দেড় হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার  পূর্ব আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।’

এছাড়া মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর