বেড়েছে পাহাড় কাটা, উখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ী জব্দ করেছে উখিয়া বন বিভাগ।
শনিবার রাত ১টার দিকে উখিয়ার ঘাট মৌজার চোরাখোলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে পাহাড়ের মাটি পাচার করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে চোরাইখোলা এলাকায় ডাম্পারের মাধ্যমে মাটি পাচার করে আসছে।
অভিযানে নেতৃত্বদানকারী বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, একটি চক্র সংরক্ষিত বন ভূমির পাহাড় থেকে মাটি কেটে পাচার করছিল। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রিজার্ভ উখিয়া ঘাট মৌজার চোরাইখোলা এলাকা থেকে সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে মাটি কেটে পাচার করার সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
এসময় অভিযান পরিচালনাকারী টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।”
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহীনুল ইসলাম, দোছড়ী বিট কর্মকর্তা ইমদাদুল ইসলাম ও বিট কর্মকর্তা আরফাত।
তাসু/চখ
