chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ড. ইউনূসের সঙ্গে ইইউর ২৮ রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোমবার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ই্ইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ।

রফিকুল আলম বলেন, আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে  ইইউর ২৭ টি দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইইউর রাষ্ট্রদূত সহ মোট ২৮ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

মুখপাত্র আরও বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর