chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কিং খানের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ (২ নভেম্বর)। এ উপলক্ষে ভারতের শোবিজ জুড়ে উৎসবের আমেজ, কিং খানের জন্মদিন বলে কথা!

গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন তিনি। এখনও একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুলে যাচ্ছেন। অভিনেতার চলার এই পথ মোটেও সহজ ছিল না। তবে পরিশ্রম যে কখনও বিফলে যায় না, তা বারবার নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন শাহরুখ। বাদশাকে বলিউডের প্রায় সব তারকাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার অভিনয়ের অন্যতম অনুরাগী নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত , প্রিয় তারকার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন তিনিও।

আজ শনিবার দুপুরে শাহরুখের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন টালিগঞ্জের অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানে লাল শাড়িতে দেখা গেছে তাকে, শাহরুখের গায়ে কালো স্যুট। দুই তারকা একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে ঋতু লিখেছেন, ‘বলিউডের কিংকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার প্রতিভা, ক্যারিশমা আর অসাধারণ পারফরম্যান্স আমাদের সবসময় উৎসাহিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার ক্যারিয়ারে আরও সাফল্য যোগ হোক সেই কামনা করি।’

৫৯ বছরেও শাহরুখ যেভাবে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন, তা বিস্ময়কর। ক্যারিয়ারের উত্থান পতন, মেরুদণ্ডের অপারেশন, বন্ধুদের বিশ্বাস ঘাতকতা কোনকিছুই রুখতে পারেনি শাহরুখের জয়রথ। পিছিয়ে পড়লেও আবার রুখে দাঁড়িয়েছেন ছুটেছেন সুদূরে সন্ধানে।২০২৩ সালে আরও তিনটি সিমেনা উপহার দিয়েছেন এই অভিনেতা। এগুলো হচ্ছে, ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’। তিনটি সিনেমাই হিট। এখনও হাতে তার নতুন নতুন সিনেমা। সেসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আজ তার জন্মদিনের অনুষ্ঠানে আড়াই শতাধিক অতিথি একত্র হবেন বলে জানা গেছে। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রানবীর সিং, রাণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারাও রয়েছেন সেই তালিকায়। একটি সূত্রে জানা গেছে, পার্টিতে বিদেশ থেকেও আসবেন বেশ কয়েকজন তারকা। বিনোদন জগতের বাইরে ক্রীড়া অঙ্গনের বেশ কজন তারকা এবং কয়েকজন উদ্যোক্তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে।

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর