টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজেই শেষবারের মতো তাকে টি-টোয়েন্টি দলের জার্সি গায়ে দেখা যাচ্ছে। রিয়াদের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।
রিয়াদের অবসরের গুঞ্জন জোরালো ছিল ভারত-বাংলাদেশ সিরিজের শুরু থেকেই। প্রথম টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হলে সমালোচনা তীব্র হয়। তখনই গুঞ্জন আসে, এই সিরিজই রিয়াদের শেষ সিরিজ।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিশ্চিত করেছেন, বাংলাদেশের হয়ে এটিই রিয়াদের শেষ সিরিজ। এই সিরিজ দিয়েই অবসর নিচ্ছেন তিনি।
১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭ এর সামান্য বেশি ইকোনমিতে চল্লিশ উইকেট। ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। যার মধ্যে জয় ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।
ইউ/চখ
