chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ফিরে বন্যার্তদের ঘর করে দিবেন অনন্ত-বর্ষা

ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ। বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। এমনকি যারা এমুহুর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তাদের মধ্যে রয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। ব্যাবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ দম্পতি।পাশাপাশি রবিবার (২৫ আগস্ট) সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনা নিয়েও নিন্দাও জানিয়েছেন অনন্ত।

সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে।

আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।

শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত লেখেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ  দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।

অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

এসময় তিনি লেখেন, ‘একা করলে সেটি ছোটকিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশিকিছু।’ আরও লেখেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর