বিশ্বজুড়ে আবারও করোনা আতঙ্ক, প্রাণ কেড়ে নিচ্ছে সপ্তাহে ১৭০০ মানুষের
বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির দিন শেষ হয়েছে। মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি। তবে এরই মধ্যে আবারও করোনা আতঙ্ক ফিরে এসেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ সপ্তাহে বিশ্বে প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হচ্ছে।
শুক্রবার (১২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
২০২০ থেকে ২০২২; পুরো বিশ্ব কেঁপেছে করোনা মহামারি আতঙ্কে। স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক ব্যবস্থা, ভেঙে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। দুই বছরে প্রাণ হারান ৭০ লাখেরও বেশি মানুষ। মহামারির সেই দিনগুলোর ভয়াবহ স্মৃতি কাটিয়ে ফের এগিয়ে চলেছে বিশ্ব। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কতা এখন আর মানছেন না অনেকেই। এর মধ্যেই আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে করোনাভাইরাস। দ্রুত সংক্রমণশীল এই ভাইরাসে আক্রান্ত হয়ে সপ্তাহে এখনও বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৭০০ মানুষ।
বৃহস্পতিবার (১১ জুলাই) ডব্লিউএইচও এক প্রতিবেদনে জানায়, প্রতি সপ্তাহে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৭০০ জন মানুষ প্রাণ হারাচ্ছে। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের হার হ্রাসের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এক সংবাদ সম্মেলনে জানান, করোনা আক্রান্ত হয়ে ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও ‘তথ্যগুলোতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন।’
তিনি আরও জানান, ‘সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে তাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সুপারিশ করছে ডব্লিউএইচও।’
একইসঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা ও সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মুহভ/চখ
