দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপতি
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (৭ জুলাই) বঙ্গভবনে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠায় সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে এনআরবি ওয়ার্ল্ড নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘একটি অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশি জনগণ এবং অনাবাসী বাংলাদেশিদের মধ্যে একটি বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে, এই সংগঠনটি পৃথিবীর প্রায় ৫০টি দেশের সঙ্গে সংযুক্ত।অভিবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখাই এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’
সাক্ষাৎকালে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবার ব্র্যান্ডিংয়ে করার জন্য কাজ করে যাচ্ছেন ।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চখ/ককন
