chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের ছুটিতে ঘুরে আসুন চট্টগ্রামের ৭ দর্শনীয় স্থানে

বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রাকৃতিক এবং স্থাপত্য সৌন্দর্য্যের দিক দিয়েও রয়েছে ব্যাপক পরিচিতি। পাহাড়, হ্রদ, বন ও সমুদ্র দেখতে চাইলে এই ঈদে আপনিও ঘুরে আসতে পারেন বন্দরনগরী চট্টগ্রামে।

বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম। কাজেই এখানে আপনি পুরনো নিদর্শনের পাশাপাশি পাবেন আধুনিকতার ছোঁয়া। মোটামুটি এক দিনেই আপনি ঘুরে দেখতে পারবেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল একাডেমি, ফয়’স লেক, মিনি বাংলাদেশ, ভাটিয়ারী, পারকির চর, ডিসি পার্ক এই ৭টি পর্যটন কেন্দ্র।

পতেঙ্গা সমুদ্র সৈকত
চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান হলো পতেঙ্গা সমুদ্রসৈকত। ভ্রমণপিপাসুদের কাছে খুবই জনপ্রিয় স্থানটি। যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি। প্রিয়জনকে নিয়ে যারা একদিনের জন্য ঘুরে আসতে চান, তাদের জন্য চমৎকার জায়গায় হতে পারে এই সমুদ্রসৈকত।
চারদিকে শোঁ শোঁ বাতাসের শব্দ, সেই সাথে সৈকতজুড়ে চার কোণবিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা। যা আক্ষরিক অর্থে একটি মিনি কক্সবাজারের স্বাদ দেবে।
সৈকতের বালি চড়ে নেমে কেউ পা ডুবাতে পছন্দ করেন, কেউ আবার চায় ঢেউ তাদের উপর দিয়ে চলে যাক।
রাস্তার ওপাশে রয়েছে অসংখ্য সারিবদ্ধ স্টল, সি-শেল জুয়েলারি, বিচ স্লিপার, আচার এবং শিশুদের জন্য খেলনা; অনেকটা কক্সবাজারের বার্মিজ মার্কেটের মতোই।
পতেঙ্গাকে যদি পুরোপুরি অনুভব করতে চান তবে, ভোরে বা গভীর রাত এই ২ সময়েই ভীষণ আরামদায়ক।  চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানুষের ছোট ছোট দল। এছাড়া পিয়াজু এবং ভাজা কাঁকড়া এই দুটি খাবার অবশ্যই খেতে ভুলবেন না।

নেভাল একাডেমি বীচ
পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি। নৌবাহিনীর শিক্ষানবিশ ক্যাডেটদের শিক্ষা দান ও মৌলিক প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সুবজে ঢাকা এই একাডেমির ও পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে নেভাল সমুদ্র সৈকত। সেখান থেকে সমুদ্রের বুকে থাকা শত শত জাহাজের দৃশ্য চোখে পড়ে। নৌবাহিনীর অধীনে পরিচালিত হওয়ায় এটি যেমন নিরাপদ তেমন পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুছানো।

ফয়’স লেক:
এটি চট্টগ্রাম নগরীর জিইসি এবং এ কে খানের মাঝামাঝিতে অবস্থিত। এখানে যেমন শিশুদের জন্য রাইডের ব্যবস্থা আছে, তেমনি বড়দের জন্য রয়েছে পাহাড় ও হ্রদের সমন্বয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে রয়েছে অরুণাময়ী, গোধূলি, আকাশমণি, মন্দাকিনী, দক্ষিনী এবং অলকানন্দা নামের হ্রদ। নামের মতোই সুন্দর এর পরিবেশ। হ্রদের পাড়েই মেলে সারি সারি নৌকার দেখা।
৩৩৬ একর জায়গা নিয়ে অবস্থিত চট্টগ্রামের অন্যতম বিনোদনকেন্দ্র এই ফয়’স লেক। এখানে রয়েছে প্রায় পাঁচ কিলামিটারজুড়ে আঁকাবাঁকা সৌন্দর্যমণ্ডিত লেক। আছে সার্কাস সুইং, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, ফেরিস হুইল, পাইরেট শিপ, কফিকাপ, রেড ড্রাইল্লাইড, ইয়োলো ড্রাই-স্লাইড ও বাগ বাইন্সের মতো রাইডও।
পাহাড়ের কাছেই রয়েছে ঘন বনজঙ্গল, যে বনে খেলা করে খরগোশ এবং চিত্রা হরিণের মতো সুন্দর কিছু বন্যপ্রাণী। টিলার উপরে আছে পিকনিক করার মতো জায়গা। সেখান থেকে আরেকটি টিলার উপরে গেলে পাবেন পর্যবেক্ষণ টাওয়ার। চট্টগ্রাম শহরের ‘বার্ডস আই ভিউ’ দেখা যায় এ টাওয়ার থেকে।ফয়’স লেকের পাশেই অবস্থিত চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানা। চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন।

ভাটিয়ারী

চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ সিটি গেইট থেকে কিছুটা দূরেই ভাটিয়ারি। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত সুন্দর গলফ কোর্স, সুন্দর লেক। সবুজ পাহাড়ের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। ইচ্ছে করলেই লেকে নৌকা নিয়ে ঘুরা যায় এবং ছিপ দিয়ে মাছ শিকার করা যায়। যেহেতু জায়গাটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত তাই এখানে নিরাপত্তাও খুব ভালো। শান্ত পরিবেশ এবং পুরানো ঝরণা নিঃসন্দেহে আপনার মনকে পুনরুজ্জীবিত করবে। সবুজ এবং নীল রঙের সুন্দর মিশ্রণ জায়গাটি পিকনিকের জন্য উপযুক্ত।
রয়েছে খাবার ও বিশ্রামের জন্য ভাল মানের রেস্তোঁরা। সবশেষে প্রকৃতিতে দাঁড়িয়ে দেখতে পারবেন সূর্যাস্তের সৌন্দর্যও।

মিনি বাংলাদেশ/স্বাধীনতা কমপ্লেক্স
আপনি পুরো বাংলাদেশ একবারে ঘুরে দেখতে চান? অবাক হচ্ছেন!!
তবে চলে আসুন চট্টগ্রামের মিনি বাংলাদেশে। আমি নিশ্চিত যে এখানে আসার পর আপনার মনে হবে এটা একথায় অসাধারণ।
এখানে বাংলাদেশের প্রায় সব জেলার বিখ্যাত স্থানগুলোর রেপ্লিকা রয়েছে। সুপ্রীম কোর্ট, জাতীয় সংসদ ভবন, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীর মন্দির, আহসান মঞ্জিল- কী নেই এখানে!
চট্টগ্রাম শহরের যেকোনো জায়গা থেকে এখানে যাওয়া যায়। ১১ একর জায়গায় নির্মিত এই মিনি বাংলাদেশ বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতেই অবস্থিত। মিনি বাংলাদেশ বা স্বাধীনতা কমপ্লেক্সে ঢুকতেই দেখা মিলবে জাতীয় সংসদ ভবন এবং তৎসংলগ্ন লেক। লেকে বিশাল বিশাল রাজহাঁস ভাসছে। তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এর পাশ ঘেঁষে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কার্জন হল সহ আরও অনেক ঐতিহাসিক ও বিশেষ স্থাপনা।

পারকির চড়
পারকি সমুদ্রসৈকত বা পারকির চড় চট্টগ্রাম শহর থেকে ২০ কি.মি দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত। এটি ১৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত।
চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি চর পড়ে। একদিকে সারি সারি ঝাউবনের সবুজের সমারোহ, আরেকদিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে। বিচে ঢোকার পথে সরু রাস্তার দু’পাশে আছে সারি সারি গাছ, সবুজ প্রান্তর আর মাছের ঘের। এই সৈকতেও কক্সবাজার সমুদ্রসৈকতের মতো অসংখ্য ঝাউ গাছ আর ঝাউবন দেখতে পাবেন। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা।

ডিসি পার্ক
দেশের মাটিতে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলেই নির্মিত এক মনোমুগ্ধকর ফুলের বাগান এই ডিসি পার্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রের পাশেই সদ্য গড়ে ওঠা ডিসি পার্কে রয়েছে হাজারো ফুলের বর্ণিল সমারোহ। এই পার্কে দেশি-বিদেশি ১২৭ প্রজাতির গাছের লক্ষাধিক চারা রোপণ করা হয়েছে। একপাশে বিশাল পুকুর ও অন্যপাশে সারি সারি দাঁড়িয়ে আছে ফুলের বাগান। ফুল আর প্রকৃতির এই আপার সংমিশ্রণ যে কারো মনকে ছুঁয়ে যাবে।
চখ/ককন

এই বিভাগের আরও খবর