chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৭%

নতুন অর্থবছরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যনিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে এ খাতে প্রায় ৭ শতাংশ বরাদ্দ বেড়েছে, যার পরিমাণ ২ হাজার ৩৭৯ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এ বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যনিরাপত্তা খাতে ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরে (২০২৩-২৪) এ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণকে উৎসাহিত করা হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাত সম্পর্কে তিনি বলেন, মৎস্য খাতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ৪৯ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা নির্ধারিত ন্যূনতম প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রাণিস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকারি উদ্যোগে টিকা উৎপাদন ও প্রয়োগ বাড়ানো হয়েছে।

চখ/ককন