খালাসের নির্দেশ
চট্টগ্রামে ১০০ টন মজুদকৃত খেজুর ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ
চট্টগ্রাম নগরের রেয়াজুদ্দিন বাজারের একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পাওয়া গেছে। গত বছর আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানীকারক ও পাইকারি বিক্রেতা এ সকল খেজুরগুলো মজুদ করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আগামী ৭ দিনের মধ্যে এ খেজুর বাজারে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় এ সকল খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে বলে তিনি জানান। গতকাল বুধবার দুপুরে তিনি অভিযানে যান।
এরআগে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমন্ডিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার, আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলী জেনারেল স্টোরে ২ হাজার ৮৫০ টাকায় খেজুর কিনে ৪ হাজার ১৫০ টাকায় খেজুর বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
- তাসু|ফখ|চখ