chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়া ফের সিসিইউতে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে ফের সিসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত দুই সপ্তাহে তাকে দুই দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা দিন দিন বেড়ে যাওয়ায় ২৫ সেপ্টেম্বর তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর